সাইফুল বারী আর নেই

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৪৯
সাংবাদিক, নাট্যকার ও কবি সাইফুল বারী আর নেই। তিনি গতকাল বুধবার ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে দেশের মিডিয়া জগতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন বাংলার প্রধান উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলার অগণিত শিল্পী কলাকুশলীরা ছুটে আসেন তাকে শেষবারের মত একনজর দেখতে। সাইফুল বারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হেসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন। সাইফুল বারী দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। তার প্রথম নামাজে জানাজা শাহবাগ বেতার কেন্দ্রে, দ্বিতীয় জানাজা বাদ জোহর রমনা থানা জামে মসজিদ, তৃতীয় জানাজা বিটিভি কার্যালয় এবং চতুর্থ জানাজা কাওরান বাজারে এটিএন বাংলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশে গণমাধ্যমের বিকাশে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাইফুল বারী ১৯৩৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল বারী বগুড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করার পর ১৯৫৭ সালে এসোসিয়েট প্রেসে (এপি) সাংবাদিকতার মধ্যদিয়ে বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সাল থেকে ৬৯ পর্যন্ত তিনি পাকিস্তান রেডিওতে কাজ করেন। এরপর তিনি রাষ্ট্রপতির প্রেসসচিব ছাড়াও বাংলাদেশ বেতার, জাতীয় সমপ্রচার কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, সংস্থাপন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন। সাইফুল বারী ২০০১ সাল থেকে এটিএন বাংলার প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া কবি, নাট্যকার ও গীতিকার হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। তিনি ২ কন্যা ছাড়াও আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব ও কবি সাইফুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে দেশের মিডিয়া জগতে বিরাট ক্ষতি হলো। শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জাতীয় পার্টির (জেপি) শোক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম সাইফুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জেপি নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, সাইফুল বারী ছিলেন ইলেক্ট্রনিক সাংবাদিকতা জগতের একটি উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ এক প্রতিভাবান ব্যক্তিত্বকে হারালো। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়াও শোক জানিয়ে বাণী দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংস্কৃতিক সংগঠন নজরুল একাডেমী।