মিসরের সিনাই উপদ্বীপের একটি শহরে গাড়ি বোমা হামলায় ১০ সেনা সদস্য নিহত হয়েছে। উপদ্বীপের উত্তরের আল আরিশ শহরে চালানো এই হামলায় আহত হয়েছে ৩৭ জন। গতকাল বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
পদাতিক সেনা সদস্যদের বহনকারী কয়েকটি বাসে এ হামলা চালানো হয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এটি ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও ইসরায়েলের সীমান্তবর্তী উত্তর সিনাইয়ে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। জুলাইয়ে মুসলিম ব্রাদারহুড সমর্থিত মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেশটির সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর আল-কায়েদা সমর্থিত জঙ্গিরা উত্তর সিনাইয়ে বিচ্ছিন্ন হামলা চালানো শুরু করে। হামলার সময় সেনারা একটি গাড়িবহরে করে গাজার রাফা সীমান্ত বরাবর রাস্তা ধরে যাচ্ছিলেন।
