বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে ভারত উঠে পড়ে লেগেছে। কারণ, তারা বাংলাদেশকে তাদের করিডোর বানাতে চায়। তিনি বলেন, ইদানীং সচিবালয় ও নির্বাচন কমিশনে একজন রাষ্ট্রদূতকে দেখা যায়। যিনি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য বেশ মাথা ঘামাচ্ছেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত তারেক রহমানের জন্মদিন পালন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, প্রহসনমূলক নির্বাচনের কোনো দরকার নেই। কেননা এই ফালতু নির্বাচনে বাংলাদেশের জনগণ কখনোই অংশ নেবে না। সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতুল্লাহ বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
