রাজনৈতিক সংকটের সময় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের ৩১৮ নম্বর কক্ষে আগামীকাল শুক্রবার থেকে এর কার্যক্রম শুরু হচ্ছে। এ সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দীন আহমেদ। আর সার্বিক অবস্থা সমন্বয় করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মোজাক্কের আলী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সেলের মাধ্যমে সারাদেশের জেলা প্রশাসন, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ যে কোন পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) ড. কামাল উদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সেল নতুন কিছু না। এটি চলমান প্রক্রিয়া। নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
