রাষ্ট্রপতিকে অসাংবিধানিক ও অসত্য তথ্য দিয়েছেন খালেদা জিয়া

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫৪
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপি দিয়েছেন, তাতে বেশিরভাগই অসাংবিধানিক দাবি ও অসত্য তথ্য রয়েছে। দ্রুত সর্বদলীয় সরকারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রতিনিধিদের তালিকা জমা দেয়া এবং সংলাপে বসার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কখন কোথায় সংলাপে বসতে চান, তা বলেন। আমরা বসব, সমাধানের পথ বের করার চেষ্টা করব। গতকাল বুধবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্যদের তালিকা, দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, এটা সর্বদলীয় সরকার গঠনের প্রাথমিক অবস্থা। বিএনপি এলেই এটা সর্বদলীয় সরকার হবে। তারা না আসা পর্যন্ত এটা হবে বহুদলীয় সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনোদিন শর্ত দিয়ে সংলাপের আহ্বান জানাননি। কিন্তু প্রতিটি আলোচনার প্রস্তাবে বিরোধী দলীয় নেতা হরতাল-নাশকতা চালিয়েছেন। তারপরও সংকট উত্তরণে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তথ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতির কাছে জমা দেয়া স্মারকলিপিতে বিরোধী দলীয় নেতা সংবিধান সংশোধন, নির্বাচন কমিশন গঠন, প্রশাসনে দলীয়করণের অভিযোগ এবং হরতালে হতাহতের ঘটনা বিষয় তুলে ধরেছেন। তবে এসব বিষয়ে তিনি (খালেদা) ‘অসত্য’ বক্তব্য দিয়েছেন। তবে বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে তিনি সংবিধান না মানলেও মহামান্য রাষ্ট্রপতির পদটিকে সম্মান দেখিয়েছেন।