নিজামীর রায় যে কোন দিন

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২৩:০৩
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি-তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া শেষ হয়। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এর আগের একটি আদেশ অনুযায়ী এখন যে কোনদিন মামলার রায় ঘোষণা করা হবে। গতকাল রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মোহাম্মদ আলী, সৈয়দ হায়দার আলী ও তুরিন আফরোজ পাল্টা যুক্তি-তর্ক উপস্থাপন করেন। এ সময় তারা জানান, মতিউর রহমান নিজামী ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র সংঘের সভাপতি ছিলেন। একইসঙ্গে তিনি আল-বদরের শীর্ষ নেতা হিসেবে মানবতা বিরোধী অপরাধ করেছেন। তুরিন আফরোজ বলেন, একাত্তরে তরুণ সমাজকে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে নিজামী উস্কানি দিয়েছেন। ধর্মের কথা বলে তরুণদের বিশাল একটি অংশকে বিভ্রান্ত করেছেন। আসলে তিনি একাত্তরে সব অপরাধের ‘রিং লিডার’ হিসেবে কাজ করেছেন। রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিজামীর বিরুদ্ধে অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ কোন বিশ্বাসযোগ্য ডকুমেন্ট হাজির করতে পারেনি। যেসব সাক্ষ্য-প্রমাণ তারা হাজির করেছে তাতে নিজামীকে এক মিনিটও সাজা দেয়ার সুযোগ নেই। আমরা আশা করছি তিনি অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। মোবারকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা রবিবার এদিকে একই ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১২তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরীকে জেরার জন্য আগামী রবিবার নতুন দিন ধার্য করেছে। গতকাল বুধবার জেরার জন্য দিন ধার্য ছিল।