গার্মেন্টসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে শ্রমিক নেতারা

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২৩:০৩
গার্মেন্টসে যারা অসন্তোষ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে মত দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা করার প্রস্তাবে মালিক পক্ষ রাজি হওয়ার পরও অসন্তোষ সৃষ্টি ও কারখানায় হামলার ঘটনা চলতে থাকায় ক্ষুব্ধ শ্রমিক নেতারা এই মত দিলেন। গতকাল বুধবার শ্রম মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের পর মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ইত্তেফাককে বলেন, মজুরি বাড়ানোর ঘোষণা দেয়ার পরও যারা অসন্তোষ সৃষ্টি করছে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমাদের কোন আপত্তি থাকবে না। অসন্তোষ সৃষ্টির জন্য দায়ী স্থানীয় প্রভাবশালী ইন্ধনদাতাদেরও চিহ্নিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষোভকে কাজে লাগিয়ে এসব চক্র অসন্তোষের পেছনে মূল অনুঘটকের ভূমিকা পালন করছে। এছাড়া কিছু শ্রমিক সংগঠনের নেতার অতি উত্সাহী বিবৃতিও এ জন্য দায়ী বলে মনে করেন তিনি। বৈঠকের সভাপতি শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, আজ বৃহস্পতিবার মজুরি বোর্ডের বৈঠকে চূড়ান্ত মজুরি ঘোষণা হবে। সেখানে মালিক পক্ষ লিখিতভাবে এই প্রস্তাব মেনে নেবেন। তখন পুরো বিষয়টি সবার কাছে স্পষ্ট হবে। এরপর গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয় হয়ে বিজি প্রেসে যাবে ঘোষণাটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব মিলিয়ে গেজেট প্রকাশ হতে আরো চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম।