রবি’র ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২৩:০৪
বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা’র সব ধরনের হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অবৈধভাবে রেয়াত নেয়া ৩৪ কোটি টাকা ফেরত না দেয়ায় এ নির্দেশ দেয়া হয়েছে। ব্যাংকগুলোকে গত মঙ্গলবার এ নির্দেশনা দিয়েছে এনবিআরের বৃহত্ করদাতা ইউনিট-ভ্যাট (এলটিইউ)। এনবিআর সূত্রে গতকাল বুধবার এ তথ্য জানা গেছে। এলটিইউ’র সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, এনবিআরের নিরীক্ষায় দেখা যায় রবি ৮৩ কোটি টাকার অননুমোদিত রেয়াত নিয়েছে। এই টাকা দাবি করলে রবি প্রতিকার চেয়ে আদালতে যায়। আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে উচ্চ আদালত এনবিআরের পক্ষে রায় দেয়। ইতিমধ্যে এলটিইউ রবি’র চলতি হিসাব থেকে ৪৯ কোটি টাকা আদায় (সমন্বয়) করলেও বাকি ৩৪ কোটি টাকা অপরিশোধিত রয়েছে। এরপর গত মঙ্গলবার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়। রবি’র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান ইত্তেফাককে বলেন, বিষয়টি আদালতে এখনো বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত মেনে নেব।