পঞ্চগড় জেলার বোদা উপজেলার মনিরামজোত এলাকায় অবস্থিত জেম জুট মিল বন্ধ ঘোষণা করা হয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে মিল কর্তৃপক্ষ গতকাল বুধবার বিকেলে জেম জুট মিল বন্ধ ঘোষণা করে। অব্যাহত আন্দোলন ও মিল বন্ধ ঘোষণা করায় প্রায় ৩ হাজার শ্রমিক চরম দুর্ভোগে পড়েছে। গতকাল বুধবার দুপুরেও জেম জুট মিলের সামনে শ্রমিকরা তাদের দাবি মেনে নিয়ে মিল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করে।
তাঁত বিভাগের শ্রমিক হাসান, এনতাজুল ও রুহুল আমিন বলেন, ৮ ঘন্টা কাজের বিনিময়ে মাত্র ৬০ টাকা প্রদান করা হয়। যা অত্যন্ত কম। অথচ সমপরিমাণ কাজ করে শ্রমিকরা দেশের অন্য সব মিলে মজুরি পান ১২০ টাকা। মিলে পূর্বে ২টি শিফটে কাজ চলত। বর্তমানে আরও একটি শিফট চালু করা হয়েছে। এ শিফটে বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে। কিন্তু ওভার টাইমের সুযোগ-সুবিধা তেমন দিচ্ছে না মিল কর্তৃপক্ষ। আমরা শ্রমিকরা দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষের কাছে বেতনভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেননি। বাধ্য হয়ে আমরা কাজ বন্ধ করে দিয়ে আন্দোলনে নেমেছি।
তবে জেম জুট মিলের ব্যবস্থাপক (অপারেশন) আব্দুল মোনায়েম বলেন, আলোচনা করেই শ্রমিকদের ন্যায্য বেতনভাতা প্রদান করা হচ্ছে। শ্রমিকরা যখন তখন তাঁত বন্ধ করে মিল থেকে বেরিয়ে যাওয়ায় মিলের আর্থিক ক্ষতি হচ্ছে। এ কারণে মালিক পক্ষ মিল বন্ধ করে দিয়েছেন।
