তারেক রহমানের জন্মদিন পালন করল তার দল

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২৩:০৫
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার উদযাপিত হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনসহ নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সারাদেশে কেক কাটা হয়। এছাড়া শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা আইনজীবী সমিতি ভবনে কেক কাটেন জাতীয়তাবাদী আইনজীবীরা। জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগেও জন্মদিন পালন করা হয়। চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নগর বিএনপি, অঙ্গসংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী কর্মসূচি গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাসাস কেক কেটে জন্মদিন উদযাপন করে।