মাথায় খাঁচাভর্তি মুরগি নিয়ে বাজারে যাচ্ছিল এক কৃষকের ছেলে। এমন সময় খাঁচাটা মাথা থেকে পড়ে ভেঙে গেল, মুরগিগুলোও ছাড়া পেয়ে সব এদিক-ওদিক ছোটাছুটি শুরু করল। বহু কষ্টে সবগুলো মুরগি ধরে খাঁচার ভেতরে ঢুকাল সে। ভয়ে ভয়ে বাড়ি ফিরল। কৃষক বললেন, ‘কী রে, ফিরে এলি কেন?’
কৃষক পুত্র :ইয়ে মানে, আব্বা, যাওয়ার পথে খাঁচাটা ভেঙে মুরগিগুলো বেরিয়ে গিয়েছিল। অবশ্য আমি ১১টা মুরগিই ধরে ফেলেছি, কোনোটাই পালাতে পারেনি।
কৃষক :সাবাস ব্যাটা! তুই সাতটা মুরগি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলি!
বাড়ির কর্তা নতুন কাজের লোককে ডেকে বললেন—
:ঠিক আছে তুমি আজ থেকে কাজে লেগে যাও। প্রতিদিন ২০ টাকা করে পাবে। চার মাস পর থেকে ৪০ টাকা করে পাবে।
কাজের লোক :আমি তাহলে চার মাস পরেই আসব।
তিন ছেলেমেয়ের জন্য একটা মাত্র খেলনা কিনে বাড়ি ফিরলেন সের্গেই। বললেন, ‘যে ঘরে একদম লক্ষ্মী হয়ে থাকে, তোমাদের আম্মুর সব কথা শোনে, একদম চিত্কার-চেঁচামেচি করে না, সে-ই খেলানাটা পাবে।’
ছোট মেয়েটা বলে উঠল, ‘বললেই হয়, খেলনাটা তুমি রাখতে চাও।’
