রংপুরের পীরগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে ওষুধ পাচারকালে স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিষ্ট ও এমএলএসএসকে আটক করে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বুধবার অফিস ছুটির পর খেদমতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিষ্ট রাজিব হোসেন ও এমএলএসএস মতিয়ার রহমান ফুল মিয়া ভ্যানযোগে ওষুধ পাচারকালে স্থানীয় জনতার সন্দেহ হয়। ফলে জনতা তাদের ভ্যান আটক করলে তারা জানায়, এগুলো ডেট এক্সপায়ার ওষুধ।
এসময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান বলেন, এ ব্যাপারে আমার কিছু করার নেই, যা করার সিভিল সার্জন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সিভিল সার্জন ডাঃ রিয়াজুল ইসলাম মোবাইল ফোনে জানান, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।
