কুমিল্লার মনোহরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ১৮ দলীয় জোট কর্মীদের হামলায় মনোহরগঞ্জ থানার এসআই মো. সফিউদ্দিনসহ ৩ পুলিশ আহত হন। গুরুতর আহত এসআই মো. সফিউদ্দিন, পুলিশ সদস্য রোকনুজ্জামানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সংঘর্ষে উভয় দলের আহত নেতাকর্মীদের কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঐদিন বিকালে ভাউপুর গ্রামে স্থানীয় বিএনপি-জামায়াত কর্মীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে আবদুল হালিম, ইব্রাহীম খলিল, মামুনুর রশিদসহ উভয় পক্ষের অন্তত ১০/১২ নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেয়ায় পুলিশ মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
