গার্মেন্টস রক্ষায় চাই সমঝোতা

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৪৪
গার্মেন্টস শ্রমিক নেতারা বলেছেন, শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বঞ্চিত করে পুলিশকে তাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে মালিকপক্ষ। অধিকার আদায়ের সংগ্রামে নামলে শ্রমিক ও তাদের পরিবারগুলোর উপর নির্যাতন ও হয়রানি করছে পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীরা। এ শিল্পের স্বার্থ রক্ষা এবং বিকাশের জন্যই শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়া দরকার। কিন্তু মালিকপক্ষ অধিকার বঞ্চিত শ্রমিকদের কথা-দাবি শোনার পরিবেশ কর্মস্থলে রাখেনি। তাই বাধ্য হয়েই তারা সড়কে নেমে বিক্ষোভ করে। তাদের ভাষায়, ন্যূনতম মজুরি আট হাজার টাকা এবং শ্রমিক হতাহতের ঘটনার বিচার দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনে সমঝোতার পরিবেশ তৈরি করতে পারে বিজিএমইএ এবং বিকেএমইএ। মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে এ সংকট নিরসনের আহবান জানান নেতৃবৃন্দ। নইলে সংকট আরো বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন এ দাবি জানায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, বর্তমান মজুরি বোর্ড এবং শ্রমমন্ত্রী সোয়েটার কারখানায় শ্রমিকদের বিষয়টি বিন্দুমাত্র বিবেচনায় নেননি। তাদের মজুরি কিছুটা বাড়লেও এই মজুরি কাঠামোয় সোয়েটার কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কোন প্রস্তাবনা নেই। তাই সংগত কারণেই এই কারখানা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, সোয়েটার কারখানার শ্রমিকদের জন্য আন্তর্জাতিকমানের পিস রেট নির্ধারণ করে পিস রেটের সকল স্টাইলের মূল্যবৃদ্ধি করতে হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার, খালেদা আক্তার।