সবার শেষে উরুগুয়ে

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:৫৪
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও সর্বশেষ ২০১০ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ে নিজ মাঠে জর্দানের সাথে গোলশূন্য ড্রয়ের পর ৩২তম দল হিসাবে ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত সপ্তাহে জর্দানের মাঠে ৫-০ গোলে জিতে আসার কারণে কোচ অস্কার তাবারেজের দলটি আগে থেকেই সুবিধাজনক অবস্থায় ছিল। ফলে গোলশূন্য ড্রয়ের পরও এ নিয়ে টানা চারবার বিশ্বকাপের বাছাই পর্ব শেষে আয়োজিত পে-অফ জিতে চূড়ান্ত পর্বে নাম লেখালো মাত্র ৩৩ লাখ অধিবাসীর দেশটি। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে উভয় দলই রক্ষণাত্মক হয়ে খেলা শুরু করে। তারপরও প্রথমার্ধে বলতে গেলে উরুগুয়ের দখলেই ছিল বল। এরপরও জর্দান আক্রমণগুলো ভালভাবে সামাল দেয়ায় কোন গোল হয়নি। জর্দান দ্বিতীয়ার্ধে চেষ্টা চালালেও উরুগুয়ে ইনজুরি না হওয়ার মতো করেই খেলে। স্বাগতিক কোচ তাবারেজ তার সেরা একাদশকেই মাঠে নামান। এর মধ্যে ছিলেন ফরোয়ার্ড সুয়ারেজ ও এডিসন কাভানি। দর্শকদের কাছে বিপুলভাবে জনপ্রিয় দিয়েগো ফোরল্যান মাঠে আসেন ৬০ মিনিটের সময়। উরুগুয়ের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে সাবেক সব বিশ্বচ্যাম্পিয়নকেই দেখা যাবে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটিতে। ফিফার বিশ্ব র্যাংকিংয়ে উরুগুয়ে এখন ছয় নম্বরে আছে। সে কারণে দলটি বিশ্বকাপের ড্রয়ে ‘সিডেড’ বা বিশেষ বাছাইকৃত দলের মর্যাদা পাচ্ছে। স্বাগতিক ব্রাজিল, শিরোপাধারী স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া, বেলজিয়াম ও সুইজারল্যান্ড হলো এরকম অপর সাতটি দল। ৬ ডিসেম্বর চূড়ান্ত পর্বের জন্য দলগুলোর গ্রুপিং ঠিক করার সময় এরা আলাদা আলাদা গ্রুপে থাকবে। তাদের সাথে যোগ হবে আরো তিনটি করে দল। ফলে চারটি করে দেশ আট গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রাথমিক পর্ব। ব্রাজিলের ১২টি শহরে হবে বিশ্বকাপটি। ১২ জুন সাও পাওলোতে টুর্নামেন্টটি উদ্বোধনের পর ফাইনাল হবে ১৩ জুলাই রিও ডি জেনিরোতে। বেলিজ ও মন্টসেরাতের খেলাটি দিয়ে ২০১১ সালের ১৫ জুন ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হয়েছিল। উরুগুয়ে ও জর্দানের খেলাটি ছিল ৮১৬তম ও এই প্রক্রিয়ার শেষ ম্যাচ। এতে ২০৩টি দেশ কিংবা জাতি অংশ নিয়েছিল। নেদারল্যান্ডের রবিন ভন পাসি, উরুগুয়ের লুই সুয়ারেজ, বেলিজের ডিওন ম্যাকোলায় সমান ১১ গোলের সুবাদে বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হন। ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দল উরুগুয়ে শেষ দল হিসাবে নিশ্চিত হওয়ায় চূড়ান্ত হলো আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ৩২টি দল। আগামী ৬ ডিসেম্বর ব্রাজিলে বিশ্বকাপের গ্রুপিংয়ের ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ের আগেই নিয়ম অনুযায়ী বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ আট দল কেউ কারো সাথে প্রাথমিক পর্বে মুখোমুখি হবে না। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ৩২টি দল : ইউরোপ : নেদারল্যান্ড, ইতালি, বেলজিয়াম, জার্মানী, সুইজারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, রাশিয়া, বসনিয়া-হার্জেগোভেনিয়া, গ্রীস, ক্রোয়েশিয়া, পর্তুগাল, ফ্রান্স। এশিয়া : জাপান, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ আমেরিকা : ব্রাজিল (স্বাগতিক), আর্জেন্টিনা, কলম্বিয়া, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে। কনকাকাফ : যুক্তরাষ্ট্র, কোস্টা রিকা, হন্ডুরাস, মেক্সিকো। আফ্রিকা : নাইজেরিয়া, আইভরি কোস্ট, ক্যামেরুন, ঘানা, আলজেরিয়া।