বাগদাদে মার্কেটে গাড়িবোমা হামলায় নিহত ৩০

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৩
ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলে একটি জনাকীর্ণ মার্কেটে গতকাল বৃহস্পতিবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। ইরাকি কর্মকর্তারা এ খবর জানায়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা ও একজন ডাক্তার জানান, গোলযোগপূর্ণ দিয়ালা প্রদেশের সা’দিয়াহ শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর এএফপির। কর্মকর্তারা জানান, কুর্দি শিয়া প্রধান শহরটির একটি বাজারে এ গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। ইরাকের রাজধানী বাগদাদসহ দেশজুড়ে ব্যাপক সহিংসতায় ৫৯ জন হিত ও একশ’ জনের বেশি আহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ২০০৮ সালের পর সবচেয়ে মারাত্মক রূপ নেয়া এই জঙ্গি তত্পরতা মোকাবেলায় ইরাক আন্তর্জাতিক সহায়তা চাইতে বাধ্য হয়েছে। ঘটনার পর কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।