নেপালে ভোট গণনা স্থগিতের দাবি মাওবাদীদের

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৫
নেপালের মাওবাদী দল ভোট গণনা স্থগিত রাখার দাবি জানিয়েছে। অস্থায়ী ফলাফলে পিছিয়ে পড়ায় তারা এতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। নেপালের যুদ্ধ পরবর্তী সময় অচল হয়ে পড়া শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এ নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মাওবাদী দলের এক বিবৃতিতে বলা হয়, ‘সাংবিধানিক পরিষদের নির্বাচনে ষড়যন্ত্র ও অস্বাভাবিক কার্যক্রমের কারণে জনগণের প্রত্যাশা ও মতামত অনুযায়ী ভোট গণনা এগিয়ে চলছে না। অতএব আমরা এ ভোট গণনা স্থগিত রাখার দাবি জানাচ্ছি।’ এএফপি’র খবরে বলা হয়, ২০০৮ সালে নেপালের যুদ্ধ পরবর্তী প্রথম নির্বাচনে পুষ্প কমল দাহালের নেতৃত্বে মাওবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে। নেপালের এক দশকের লড়াইয়ের অবসানের পর সাবেক বিদ্রোহীরা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করায় ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পুষ্প কমল দাহাল প্রচন্ড নামে বেশি পরিচিত। তারা সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও দুর্নীতির অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর ফলে ২৪০টি আসনের মধ্যে ১৫০টিতে সরাসরি নির্বাচনের অস্থায়ী ফলাফলে মাওবাদীদের তাদের বিরোধী পক্ষের তুলনায় পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার নীল কান্ত উপার্তি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, নেপালে নির্বাচনের পর স্বচ্ছভাবে ভোট গণনা চলছে এবং তা অব্যাহত থাকবে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জানায়, মঙ্গলবারের নির্বাচনে সহিংসতার হুমকি উপেক্ষা করে নেপালের লাখ লাখ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এর ফলে এ নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জানান, এ নির্বাচন হিমালয়ের এ দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । নেপালের নির্বাচন পর্যবেক্ষণে তিনি কাঠমান্ডুতে রয়েছেন। নিজ আসনে পরাজয় : নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা জাতীয় নির্বাচনে তার নিজ আসনে হেরে গেছেন। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুর একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রচন্ড নামে পরিচিত পুষ্প কমল দাহাল নেপালের কংগ্রেস দলের প্রার্থীর কাছে হেরে যান। তার অবস্থান তৃতীয়।