অন্য দলের জন্য নিজের দলের ক্ষতি করতে পারি না :এরশাদ

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:১৮
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে তার দল ক্ষতিগ্রস্ত হতো। অন্য দলের জন্য তিনি নিজের দলের ক্ষতি করতে পারেন না। সে কারণে মহাজোট ছেড়ে এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া গণতন্ত্র রক্ষার স্বার্থেই তিনি নির্বাচনে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার এরশাদ তার বনানী কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এরশাদ বলেন, সরকারকে সতর্ক করতে বিভিন্ন সময়ে বলেছি-বিরোধী দল না এলে আমি নির্বাচনে যাব না। প্রতিবারই সংসদ নির্বাচনের সময় দেশে সংঘাত, সহিংসতা, মানুষ হত্যা করা হয়েছে। এসব বন্ধ করতেই আমি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছি। এতে আমি কী অপরাধ করে ফেললাম? আমি নিজেই জানি না নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা, তবে চেষ্টা করে দেখি। এদিকে গতকাল দ্বিতীয় দিনে ১০৫ জন জাপার মনোনয়ন ফরম কিনেছেন। এই নিয়ে গতকাল পর্যন্ত ২৯৭টি আবেদনপত্র বিক্রি হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন বিক্রি চলবে।