রাজশাহীতে এরশাদের বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২৩:৩৪
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের কুশপুত্তলিকা দাহ ও তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। এ ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা এবং ১৮ দলীয় জোটকে সেই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানোর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে মহিলা দল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের শতাধিক নেতাকর্মী ঝাড়ু হাতে এরশাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজের সামনের রাস্তায় আসলে পুলিশ বিক্ষোভ মিছিলের সামনে এসে দাঁড়ায়। এরপরও মহিলা দলের নেতাকর্মীরা ঝাড়ু হাতে মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ শিরিন ও জেলা মহিলা দলের সভাপতি রোখসানা বেগম টুকটুকি। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বুধবার একই অভিযোগে রাজশাহীর পবায় এরশাদের কুশপুত্তলিকা দাহ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে নগরীর সাহেব বাজার এলাকায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে জাপা ও সহযোগী সংগঠনগুলো। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জাপার দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর কবির লিটন, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা বরুণ, জেলা ছাত্রসমাজের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক সরদার জুয়েল প্রমুখ। এদিকে নগরীর উপকণ্ঠ কাঁটাখালি পৌর জাপার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও খালেদা জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন কাঁটাখালি পৌর জাপার সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান।