গতকাল শুক্রবার কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটলে পুলিশসহ ২০ জন আহত হয় এবং বাজারের ৬টি দোকানে লুট-পাট হয় বলে ব্যবসায়ীগণ অভিযোগ করেন।
বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী বাজারে একই গ্রামের মাছ ব্যবসায়ীরা তাদের দোকান ভিটায় মাছের পসরা সাজিয়ে বসলে খিদিরচর গ্রামের মাছ ব্যবসায়ীরা জায়গা না পেলে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। খিদিরচর গ্রামের ব্যবসায়ীদের সাথে বাজার করতে আসা সাধারণ জনগণও একত্রিত হয়ে তুলাতলী গ্রামের মাছ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম পর্যায়ে তুলাতলী ব্যবসায়ী ও সাধারণ জনগণ খিদিরচর গ্রামের ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে চলে যায়। পরে খিদিরচর গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তুলাতলী বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের ২০জন আহত হয় এবং বাজারের ৬টি দোকানে লুটপাট হয়। মেঘনা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রেণের চেষ্টা চালালে এতে পুলিশের এ.এস.আই রাসেদুলও আহত হন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
