আজ ২৩ নভেম্বর। ঝালকাঠির রাজাপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্বপ্রথম পাক হানাদার মুক্ত হয়। রাজাপুরে ওড়ে বৃহত্তর বরিশালের প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। ১৪ নভেম্বরের পর সারাদেশের ন্যায় রাজাপুরে মুক্তিযুদ্ধ আরও তীব্র হয়। দেশীয় দোসরদের সহায়তায় পাক বাহিনী সাধারণ নিরীহ জনগণকে ধরে এনে বধ্যভূমি সংলগ্ন খালের ঘাটে বেঁধে গুলি করে খালে ফেলে দেয়। লাশের গন্ধে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। তত্কালীন ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটি চাপা দেয় হানাদাররা।
রাজাপুর মুক্ত দিবস উপলক্ষে রাজাপুর প্রেসক্লাব আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
