সশস্ত্র বাহিনী দিবস-২০১৩ উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী শুক্রবার ফ্যালকন হলে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণের সম্মানে সম্বর্ধনার আয়োজন করেন। বিমান বাহিনী প্রধান উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মাঝে উপহার সামগ্রী ও চেক প্রদান করেন। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবারে বিমান বাহিনীর ২০ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, বীর উত্তম।
