বহুল আলোচিত মার্কিন-আফগান নিরাপত্তা চুক্তির সময়সূচি নিয়ে দেশ দু’টির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আফগানিস্তান আগামী বছর চুক্তিটি স্বাক্ষর করতে চাইলেও যুক্তরাষ্ট্র এ বছরই চুক্তিটি করতে চাইছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে তার দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মানের প্রতিশ্রুতি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত বৃহস্পতিবার থেকে প্রায় আড়াই হাজার নেতার উপস্থিতিতে লয়া জিরগায় নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় শুরু হয়। জ্যেষ্ঠ উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের চারদিনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষণা দেন, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর এ চুক্তি করা হবে। তার এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিটি অবশ্যই এ বছরের মধ্যে হতে হবে। যুক্তরাষ্ট্রের মতে, চুক্তিটি বিলম্বিত করা সম্ভব নয় এবং এটি বাস্তবসম্মতও নয়। লয়া জিরগায় প্রেসিডেন্ট কারজাই জানান, আফগান বাহিনীকে প্রস্তুতির সুযোগ দিতে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার বিদেশি সেনা আরও কিছুদিনের জন্য আফগানিস্তানে থেকে যেতে পারবে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তাচুক্তি সম্পাদনে সবার সহায়তা চান হামিদ কারজাই। তবে তিনি আফগান-মার্কিন সম্পর্কে আস্থার ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে কারজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমার যথেষ্ট পরিমাণ আস্থা নেই। আমি তাদের বিশ্বাস করি না। তারাও আমাকে বিশ্বাস করে না। গত ১০ বছরে তাই দেখা গেছে। আমাকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এবং তারা আমার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে।’
এদিকে লয়া জিরগায় আলোচনা চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে তার দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মানের প্রতিশ্রুতি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ওবামা প্রতিশ্রুতি দিয়েছেন, মার্কিন বাহিনী কোনো ‘বিশেষ পরিস্থিতি’ ছাড়া আফগানদের বাড়িতে প্রবেশ করবে না। উল্লেখ্য, এই ইস্যুটি মার্কিন-আফগান নিরাপত্তা চুক্তি নিয়ে বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।
