মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় যথেষ্ট প্রমাণ রয়েছে

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:১০
পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলায় যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে ফাঁসির আদেশ বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে। গত বুধবার এটর্নি জেনারেল মুনির এ মালিক একথা বলেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া। এটর্নি জেনারেল বলেন, বিশেষ আদালতে মোশাররফের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাকে গ্রেপ্তার করতে পারত। এদিকে গত মঙ্গলবার সংবিধানের ৬ ধারা মোতাবেক সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা পরিচালনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তিনজন বিচারককে নিয়ে একটি প্যানেল গঠনের অনুমতি দেয়।