রাজশাহী-ঢাকা রেলপথে জেলার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে ট্রেনের নিচে চলে যাওয়ার পরেও অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন সাইফুল ইসলাম (৫০)। তিনি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সময় সকাল ৮টা ১০ মিনিট। ঈশ্বরদী থেকে ছেড়ে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর স্টেশনে প্রবেশ করেছে। এরপর স্টেশনে অবস্থানরত যাত্রীরা তখন ঐ ট্রেনে উঠানামায় ব্যস্ত। ৫ মিনিট যাত্রা বিরতি করে ট্রেনটি পুনরায় আবার যাত্রা শুরু করলো। এমন সময় দেখা যায়, ট্রেনের পেছনে পেছনে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। অনেকক্ষণ দৌড়ানোর পরে তিনি ট্রেনের একটি বগির গেইটের হ্যান্ডেল ধরতে সক্ষম হন।
পরক্ষণেই হ্যান্ডেল থেকে হাত ফসকে তিনি চলে গেলেন ট্রেনের নিচে। স্টেশনে যারা এই দৃশ্য দেখছিলেন তারা সবাই চিত্কার করছিলেন এ সময়। তারা ভেবে নিয়েছিলেন লোকটি হয়তো ট্রেনে কাটা পড়েছেন। কিন্তু না। কিছুক্ষণ পর ট্রেনটি আউট সিগনালে চলে যায়। জীবিত ও অক্ষত অবস্থায় সাইফুল লাইনের স্লিপার থেকে উঠে আসেন স্টেশনের প্লাটফরমে। তার এরকম অবিশ্বাস্যভাবে বেঁচে যাওয়াকে নিজ চোখে দেখেও প্রত্যক্ষদর্শীরা বিশ্বাস করতে পারছিলেন না। তখন উপস্থিত অনেকে বলতে থাকেন, রাখে আল্ল¬াহ মারে কে!
