প্রথম সংসদের সদস্য মোছলেম উদ্দিন আর নেই

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:২৯
প্রথম জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য ও সাবেক পাট প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. মোছলেম উদ্দিন খান ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মুত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১৯৬৫ সালে তত্কালীন প্রাদেশিক পরিষদ এবং ১৯৭০ সালে তত্কালীন জাতীয় পরিষদে আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল শুক্রবার জুমার নামাজের আগে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মোছলেম উদ্দিন খানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং স্পিকারের পক্ষে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সংসদ সচিবালয় জানায়, আজ শনিবার মানিকগঞ্জে দ্বিতীয় দফা জানাজা শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বাণীতে তারা বলেন, তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, তিনি তার অমায়িক ব্যবহার এবং উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের শ্রদ্ধা অর্জন করতে সমর্থ হয়েছিলেন। এছাড়া শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা এবং মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু।