যুক্তরাষ্ট্রজুড়ে কেনেডি হত্যাকাণ্ডের ৫০তম বার্ষিকী পালন

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:৩০
গতকাল ২২ নভেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকান্ডের ৫০তম বার্ষিকী পালিত হয়েছে যুক্তরাষ্ট্রজুড়ে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ১৯৬৩ সালের ২২ নভেম্বরে এক রাজনৈতিক সফরে বের হয়েছিলেন কেনেডি। তিনি যখন মোটর গাড়িতে করে যাচ্ছিলেন, তখন তাকে লক্ষ্য করে এক আঁততায়ী গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। আধ ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। মাত্র তিন বছরেরও কম সময় দায়িত্ব পালন করলেও যুক্তরাষ্ট্রের সবচে’ শ্রদ্ধাভাজন প্রেসিডেন্টদের কাতারে তার নাম। তার ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেন। কেনেডির হত্যাকান্ডের শহর ডালাসে বহুসংখ্যক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে সিম্ফোনি অর্কেস্ট্রার কনসার্ট ছিল অন্যতম আকর্ষণ। ডালাসের মেয়র এই উপলক্ষ্যে ভাষণ দেন। তার সম্মানে বিশেষ ঘন্টা বাজানো হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া বিভিন্ন শহরে জনগণ কেনেডি হত্যার ৫০ তম বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। ১৯১৭ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন কেনেডি।