স্থায়ী পে-কমিশন ঘোষণা কাল

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫০
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামীকাল রবিবার স্থায়ী পে কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বেতন কাঠামোর কিছু কিছু সংস্কার হয়েছে। এবার স্থায়ী পে কমিশন করে বেতন কাঠামো সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, প্রায় ১২ হাজারের মত লোকবল নিয়ে কাজ করে যাওয়া অডিট বিভাগে অনেক দুষ্টলোক আছে, যারা দুষ্ট কর্মকাণ্ড করে। তাদের এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। এবারও স্থায়ী পে কমিশনের উদ্যোগ নেয়ার পরে তারা বাধা দিয়েছিল বলে তিনি অভিযোগ করেন। অর্থমন্ত্রী বলেন, ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত জুনিয়র অডিটর, অডিটর, এসএএস সুপারদের গ্রেড উন্নীতকরণ হয়নি। শুধু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এই বিভাগের কর্মকর্তাদের দুই গ্রেড বৃদ্ধি করেছিল। সর্বশেষ গত ৩১ অক্টোবর আরেক দফা গ্রেড উন্নীত করে এসএএস সুপারদের প্রথম শ্রেণিতে এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তাদের দুই গ্রেড বাড়িয়ে ৭ম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান, সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমএ মান্নান, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ প্রমুখ। প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে-কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়। বর্তমানে দেশে ১৩ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ। গত ১ জুলাই থেকে তারা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।