আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপিকে অন্তর্ভুক্ত করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রয়াস চালানো হবে। তবে জামায়াতি সন্ত্রাসী ও হেফাজতিদের নিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। সংবিধানের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী দেশে নির্বাচনের ব্যবস্থা নিয়েছেন। কারও হঠকারি সিদ্ধান্তের জন্য নির্বাচন থেমে থাকবে না।
শুক্রবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি আরও বলেন, জাতি এখন জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতীয় সংসদ নির্বাচন এখন সময়ের দাবি।
বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পরিচালক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, আব্দুস সামাদ তালুকদার, আবু হেনা মোস্তফা কামাল কাজল, সেলিনা বেগম স্বপ্না প্রমুখ বক্তব্য রাখেন।
