নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে লাগাতার হরতাল ..... আবদুল্লাহ আল নোমান

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫৪
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে শেখ হাসিনার অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করলে লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে। ‘তথাকথিত সর্বদলীয়’ সরকারের অধীনে এদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। অসাংবিধানিক উপায়ে সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চট্টগ্রাম মহানগর ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনের রাস্তায় গতকাল শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মানুষের এখন একটাই দাবি—আর তা হলো শেখ হাসিনার বিদায়। জনগণ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তিনি নীল নকশার নির্বাচনী কর্মকাণ্ড থেকে নির্বাচন কমিশন ও সরকারি কর্মকর্তাদেরকে বিরত থাকার আহ্বান জানান। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশালী শাসন কায়েম করার লক্ষ্যে বর্তমান সরকার সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে। বিএনপির নেতৃত্বে জনগণের সরকার ক্ষমতায় এলে সংবিধানকে আবার জনগণের সংবিধানে পরিণত করা হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আহসানুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ। একটি মিছিল সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।