সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি চৌধুরী এটিএম মাসউদ (৮৯) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনে গতকাল শুক্রবার বিকাল ৫টা ৪০মিনিটে তার মৃত্যু হয় বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম জানান। তিনি হাইকোর্টের অন্যতম জ্যেষ্ঠ বিচারক সালমা মাসুদ চৌধুরীর বাবা।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন বিচারপতি মাসউদ। ১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছর এ দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের জাতীয় নির্বাহী কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার দুপুরে মরহুমের মরদেহ সুপ্রিম কোর্ট চত্বরে আনা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জোহরের নামাজের পর সুপ্রিম কোর্টে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে সাবেক এই বিচারপতিকে।
