গল্প নয় সত্যি

ব্যবসা যখন মিথ্যা সম্পর্কের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ১৯:৫১
আশপাশের সবাই যখন চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে তখন একা থাকতেই ভারী স্বাচ্ছন্দ্য আমি। কিংবা আপনার কোনো বন্ধু যখন বিয়ের পিঁড়িতে বসার পাঁচ বছর উদ্যাপন করছে তখন আপনি হয়তো আরেকটু রয়ে সয়েই সারতে চাইছেন বিয়ের কাজটা। এমনিতে এ বিষয়গুলোতে দোষের কিছু না থাকলেও অনেক সময় প্রেমিক-প্রেমিকা না থাকা কিংবা দেরিতে বিয়ে করার কারণেও বন্ধুদের ঠাট্টা-মশকরার শিকার হতে হয় কাউকে কাউকে। বিশেষ করে পাশ্চাত্যের অনেক দেশে একটু বয়স হয়ে যাওয়ার পরও বিশেষ কেউ না থাকাটাকে খানিকটা সন্দেহের চোখেও দেখেন বন্ধুদের কেউ কেউ। আর এ বাস্তবতাতেই একেবারে নিয়ম মেনে মিথ্যা প্রেমের ব্যবসা খুলে বসেছে ‘ইনভিসিবল গার্লফ্রেন্ড’ নামের একটি অ্যাপ্লিকেশনের নির্মাতারা। তারা জানিয়েছেন, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে টাকার বিনিময়ে মিলবে প্রেমিক-প্রেমিকার উপস্থিতি প্রমাণের সব ব্যবস্থাই। কিছু টাকা খরচা করলেই বন্ধুদের আড্ডার মাঝে ফোন আসবে আপনার নকল বন্ধু বা বান্ধবীর। সেই সাথে আপনার মোবাইল ফোনে মিথ্যা প্রেমের বার্তা সম্বলিত ক্ষুদে বার্তা কিংবা বাড়ির ঠিকানায় এটা সেটা উপহারও পাঠানোর ব্যবস্থা করবে এই ‘ইনভিসিবল গার্লফ্রেন্ড’। আবার চাইলে ফেসবুকে আপনার সম্পর্কের কথাও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে দেবে অ্যাপ্লিকেশনটি। এসব ক্ষেত্রে আপনি যদি সম্পর্কটাকে স্রেফ ‘হালকা প্রেম’-এর পর্যায়েই রাখতে চান এবং মাঝে মাঝে দু’একটা ফোন আর ক্ষুদে বার্তা পেয়েই বন্ধুদের প্রমাণ দিতে চান তাহলে খরচ পড়বে মাসে ছয় পাউন্ডের কিছু বেশি। অন্যদিকে আর কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন বা সবকিছু ঠিকঠাক এমন একটি অনুভূতি দিতে চাইলে খরচা পড়বে প্রায় ৫০ পাউন্ডের মতো। এদিকে এই বিষয়টির উদ্যোক্তা ম্যাট হম্যান জানিয়েছেন, নামে ইনভিসিবল গার্লফ্রেন্ড হলেও এখান থেকে একইভাবে একা থাকতে থাকা মেয়েরাও মিথ্যা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারবেন। আর নিজের মতো একা থাকতে চাওয়া মানুষেরা যেন তাদের বন্ধু ও কাছের মানুষের ঠাট্টা বা অযথা প্রশ্ন থেকে নিজেদের যুক্তিযুক্তভাবে বাঁচিয়ে রাখতে পারেন সেজন্যই এই উদ্যোগ-জানিয়েছেন ম্যাট।