সরকার উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পের প্রসার ও বিকাশে দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শেরেবাংলা একে ফজলুল হকের পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার চাখারে আইটি ভিলেজ/সফ্টওয়্যার টেকনোলজি পার্ক ( হাই-টেক পার্ক) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি’র দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা যায়।
চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে সন্ধ্যা নদীর তীরে শেরে বাংলা একে ফজলুল হকের নামে প্রস্তাবিত আইটি ভিলেজ (হাই-টেক পার্ক) স্থাপনে জমি বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলা প্রশাসকের কাছে গত ১৯ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তরফ থেকে চিঠি দেয়া হয়। বরিশাল সিটি মেয়র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঐ চিঠির অনুলিপি দেয়া হয়েছে। গত শুক্রবার বিকালে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি সোনাহার-সাকরাল গ্রামে হাই-টেক পার্কের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এসময় তিনি হাই-টেক পার্ক স্থাপনের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাই-টেক পার্ক স্থাপনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। ইউএনও সৈয়দ এজেড মোরশেদ আলী জানান, হাই-টেক পার্ক স্থাপন করা হলে কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের মানুষের জীবন মানে আমূল পরিবর্তন ঘটবে এবং দেশে তথ্য-প্রযুক্তির প্রসার ঘটবে।
