টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর হত দরিদ্রদের জন্য নির্মাণাধীন আশ্রয়ন কেন্দ্রে গত শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ২০টি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছে। দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় এলাকাবাসি দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ।
ক্ষতিগ্রস্তরা জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাকি অন্য কোন উপায়ে আগুনের সূত্রপাত হয় তা কেউ সঠিকভাবে বলতে পারছে না । তবে অনেকের ধারণা নাশকতার উদ্দেশ্যে সেখানে কেউ আগুন লাগাতে পারে।
আবাসনে আশ্রয় নেয়া আব্দুল কাদের জানান, মাত্র এক সপ্তাহ আগে বলাই বাকালির ঘর থেকে আগুন ধরে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এক সপ্তাহের ব্যবধানে আবার ঐ আবাসন কেন্দ্রে আগুন লাগায় এটিকে তিনি নাশকতামূলক ঘটনা বলেই মনে করছেন। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
