ফেরদৌস চৌধুরী
যুগের দেখি ভোগের দিকেই
নজর এখন বেশি
হূদয় পোড়ে খরতাপে
গরম দেখায় পেশি।
যন্ত্রদানব তন্ত্র পড়ে
মারবে নাকি পিষে
প্রকৃতি আজ জর্জরিত
নির্গত তার বিষে।
লোক দেখি না বৃক্ষতলে
শীতল পরিবেশে
মোবাইল নিয়ে কাটায় সময়
ঘিঞ্জি গলির মেসে।
বনে ফোটে নামহারা ফুল
কে তার খবর রাখে
পাখির কূজন, কোথায় সুজন
সুধা মনে মাখে।
উগ্র যুগের কঠিন থাবায়
জীবন যখন ফিকে
টবের ফুলের কদর এখন
বাড়ছে চর্তুদিকে।
