নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের পর সিয়াম আহমেদ (১০) নামের এক স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ বস্তাবন্দি করে ফেলে দেয়া হয় মুন্সীগঞ্জের শান্তিনগর গ্রামে। শনিবার সকালে পুলিশ তার লাশটি উদ্ধার করেছে। সিয়াম ফতুল্লার মাসদাইরের আদর্শ স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র এবং একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে। নিহতের বড় ভাই রিফাত জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে মাঠে ব্যাটমিন্টন খেলতে গিয়ে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় শনিবার ফতুল্লা মডেল থানায় জিডি এবং বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
