বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরীদ উদদীন মাসউদ বলেছেন, জামায়াত-শিবির ইসলামের শত্রু। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি করছে। এখন তারা আলেম-ওলামা ও কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে চায়। তারা ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থাকবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী কোন ধর্মীয় দল নয়। তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। লুটপাট, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ করেছে। তাই জামায়াতকে এদেশে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাস ও তাণ্ডবের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শান্তির অন্বেষার উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে সাংবাদিক আল-আজাদের সভাপতিত্বে সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও প্রজন্ম একাত্তর এর সভাপতি শাহীন রেজা নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুফি ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রামাণিক, ইক্বরা বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন সিরাজী, দিনাজপুর বীরগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারী, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিন্স সদরুজ্জামান। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এহতেশামুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবলু, সেক্টর কমান্ডারস ফোরাম সিলেট বিভাগীয় শাখার সভাপতি অ্যাডভোকেট সারওয়ার আহমদ, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল প্রমুখ।
আল্লামা ফরীদ উদদীন মাসউদ আরো বলেন, মওদুদীবাদী জামায়াত-শিবির কোরআন এবং আল্লাহর নাম বলে মানুষকে জবাই করছে। হরতাল, অবরোধে নাশকতার জন্য যুবক এবং শিশুদের হাতে টাকার বিনিময়ে বিস্ফোরক, ককটেল ও বোমা তুলে দেয়া হচ্ছে। এর অর্থের যোগান দিচ্ছে জামায়াত। তাই জামায়াতের সকল আর্থিক প্রতিষ্ঠান অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। পাশাপাশি মওদুদী, গোলাম আজমদের বই বাজেয়াপ্ত করতে হবে। তিনি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরেরও দাবি জানান।
সাংবাদিক শাহীন রেজা নূর বলেন, যে অপশক্তি আজ আস্ফাালন করছে তাদের পতন অনিবার্য। বাংলার মানুষ অবশ্যই তাদেরকে প্রতিহত করবে, রুখে দাঁড়ায়।
