অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক গলানো’

তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মিসর

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:০৮
দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মিসর। একই সাথে দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণাও দিয়েছে কায়রো। পাল্টা বহিস্কারের আগেই তুরস্ক থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের সামপ্রতিক একটি বক্তব্যকে মিসরের রাজনৈতিক পরিস্থিতি জন্য ‘উস্কানিমূলক’ এবং দেশের আভ্যন্তরীন বিষয়ে ‘নাক গলানো’ বলে অভিহিত করে গতকাল শনিবার এ সিদ্ধান্তের কথা জানায় মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক অব্যাহতভাবে মিসরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে থাকায় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা হবে। গত জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উত্খাতের পর এর ঘোর বিরোধিতা করে আসছে প্রতিবেশি দেশ তুরস্ক। এরদোয়ান কারাবন্দি মুরসির মুক্তি দাবি করার একদিন পরই দেশটির রাষ্ট্রদূত হুসাইন আভনি বোতসালিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় মিসর। এছাড়া গত আগস্টে মুরসি সমর্থকদের বিক্ষোভে দমন-নিপীড়ন চালানোরও নিন্দা করেছিলেন এরদোয়ান।