ঘুষ গ্রহণের অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানার দুই দারোগাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তারা হচ্ছেন এসআই মারফত আলী ও এএসআই মাজাহারুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে ভুয়া ওয়ারেন্টের ভয় দেখিয়ে উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামের শওকত আলীর কাছ থেকে ঘুষ গ্রহণকালে সিলেটের করিম উল্লা মার্কেটের এক দোকানে সংবাদকর্মী ও জনতার হাতে ধরা পড়েন এএসআই মাজহারুল ইসলাম। প্রমাণসহ জেলা পুলিশ সুপারের নিকট গেলে তাত্ক্ষণিকভাবে ঐদিন রাতেই মাজহারুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। একইভাবে এমন ঘটনা অবহিত থাকার কারণে যথাযথ ব্যবস্থা না নেয়ায় এসআই মারফত আলীকেও ক্লোজড করা হয়।
