রাজধানীর বাড্ডা এলাকায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে জামায়াত পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার চেষ্টা করলে মেরুল বাড্ডা কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। এসময় গাড়ির ভাঙা কাঁচের আঘাতে আব্দুল হালিম নামে এক পুলিশ কনেস্টবল আহত হন। ঘটনাস্থল থেকে শিবিরকর্মী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।
এছাড়া গতকাল ফকিরাপুল এলাকায়ও জামায়াতের সতর্থকরা রাস্তা অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মেরুল বাড্ডা কাঁচাবাজারের সামনের সড়কে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা অন্তত ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজশাহীতে জামায়াত-শিবিরের ঝটিকা বিক্ষোভ
রাজশাহী অফিস জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত ও ছাত্র শিবির। মহানগরীর কোর্ট বাজার নিউমার্কেট গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। তবে পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। মিছিলে স্থানীয় জামায়াতের উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায় নি।
