মনমোহন সিংয়ের আশঙ্কা

লোকসভা-বিধানসভা নির্বাচনে নাশকতা চালাতে পারে জঙ্গিরা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২৩:১১
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচন চলাকালে সন্ত্রাসী সংগঠনগুলোর নাশকতা সৃষ্টি করতে পারে। একারণে সবাইকে সজাগ থাকতে হবে। রাজধানী নয়াদিল্লীতে গতকাল শনিবার পুলিশের মহাপরিচালক ও মহাপরিদর্শকদের বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘নির্বাচনকালে যে কোনো ধরনের জঙ্গি নাশকতা এড়াতে নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় থাকা প্রয়োজন।’ মনমোহন সমপ্রতি মোজাফফরনগরে সামপ্রদায়িক দাঙ্গায় ৬০ জনের প্রাণহানি ও হাজার মানুষ ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এমন পরিস্থিতি ঘটতে দিতে পারি না। কোথাও গণ্ডগোল বাঁধলে কোনো ধরনের পূর্ব সংস্কার বা ভয়-ভীতি ছাড়াই তা সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সামাল দেয়া উচিত। তিনি বলেন, যারা সামপ্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায় তারা যেনো স্থানীয় ইস্যুর সুযোগ নিতে না পারে আইন-শৃংখলা বাহিনীকে তা নিশ্চিত করতে হবে। মোজাফফরনগরে সহিংসতার সময় উত্তেজনা সৃষ্টিতে সামাজিক মাধ্যম ব্যবহূত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর অপব্যবহার রোধ নিশ্চিত করতে হবে এবং যাতে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা না হয় তাও নিশ্চিত করতে হবে। তিনি নকশাল আন্দোলন প্রসঙ্গ তুলে বলেন, যেসব এলাকায় নকশালদের দৌরাত্ম্য রয়েছে, সেখানে উন্নয়নের গতি এবং সরকারের কার্যক্রমের মান বাড়াতে হবে।