ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে ৯ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে নাশকতার প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার বিকালে হাজারো নেতা-কর্মী নাশকতা বন্ধে ও জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন। এদিকে জামায়াত নেতা আমিনুল ইসলাম হত্যার প্রতিবাদে জামায়াত-শিবির গতকাল শনিবার সীতাকুণ্ডসহ পুরো চট্টগ্রামে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলেও সীতাকুণ্ডে কোন বিক্ষোভ মিছিল করেনি।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও গাড়ী পুড়ানোর অভিযোগে জামায়াত-শিবিরের আরো ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে।
সলিমপুর যুবলীগের উদ্যোগে শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন। মিছিল শেষে সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন বলেন, হত্যা, নাশকতা ও নৈরাজ্যের রাজনীতি আওয়ামী লীগ করে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ্বালাও-পোড়াও করে বিএনপি-জামায়াত প্রমাণ করেছে, তারা দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়।
