বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ নামক দানবকে বাংলাদেশ থেকে দমানো না গেলে দেশের স্বাধীনতা থাকবে না। বাংলাদেশ ভারতের দালালে পরিণত হবে। ভারতের আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত যদি বাংলাদেশে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে সহযোগিতা না করে তাহলে তা বেইমানী হবে। কারণ আওয়ামী লীগ অতীতেও ভারতকে অনেক কিছু দিয়েছে, ভবিষ্যতেও দেবে। ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তাই এত তত্পর হয়ে উঠেছেন। পুলিশী জুলুমসহ সরকারের নিপীড়নমূলক সব কর্মকাণ্ড ভারতের মদদেই হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই অবৈধ সরকারের আদেশে গুলি করবেন না। এর ফল ভাল হবে না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘প্রহসনের নির্বাচন, বিপন্ন গণতন্ত্র ও তারেক রহমান এর অপরিহার্যতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক (ডা.) ফরহাদ হালিম ডোনার সভাপতিত্বে এবং ডা. সালাউদ্দিন ও বিএনপি সহ-দপ্তর সম্পাদক শামিমুর রহমান শামিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজমেরী এস. ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।
