গতকাল বিএনপির নয়াপল্টনের কেন্দ ীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সমপ্রদায় নির্বাচনকালীন আস্থাশীল ও নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানালেও সরকার একটি একতরফা নির্বাচন করার জন্য উঠেপড়ে লেগেছে। বর্তমান রাজনৈতিক সংকট যে ঘূর্ণিপাকে পড়েছে সে বিষয়টি সরকার উপেক্ষা করছে। তারা ভাবছে বিরোধী দলের অসংখ্য লাশ ডিঙ্গিয়ে লক্ষ্য হাসিল করতে পারবে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে একটি পুলিশি রাষ্ট্রে বাস করছি। এখানে গণতন্ত্রের নামে সরকারের কিছু কর্মকাণ্ডকে বুঝানো হয়ে থাকে। যেখানে বিরোধী দলের কর্মকাণ্ড অবৈধ। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ প্রতিনিয়ত বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করছে। অফিস ব্যবসা প্রতিষ্ঠানও বাইরে নেই। বিরোধী দলের সভা-সমাবেশ হলেতো কথাই নেই।
জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, জাতীয় পার্টি প্রথমে নির্বাচনে যাবে না বললেও এখন নির্বাচনে যাচ্ছে। তারা কেন নির্বাচনে যাচ্ছে আমরা জানি না। তবে মন্ত্রিত্ব পাওয়ার লোভেও হতে পারে। বিরোধী দল প্রথম থেকে আন্দোলন করছে এবং করে যাবে।
