ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে চলতি ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৩১৪ কোটি ৫৩ লাখ টাকার বাজেট উত্থাপিত হয়েছে। তবে ‘ভিসির স্বেচ্ছাচারিতা, শিক্ষক নিয়োগে দলীয়করণের প্রতিবাদ এবং বিরোধী দলের ছাত্র ও সংগঠনের সহাবস্থানের’ দাবিতে অধিবেশনে কয়েক দফায় বিএনপি-জামায়াত সমর্থিত সিনেট সদস্যরা ওয়াকআউট করেন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দিন এই বাজেট পেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতির চিত্র তুলে ধরে অধিবেশনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক সুযোগ-সুবিধার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আমরা আশা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতির এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
