প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত রাখতে হবে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:২৮
নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত রাখতে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীকে অবশ্যই তার নির্বাহী ক্ষমতা স্থগিত রাখার বিধান করে সংবিধান সংশোধন করতে হবে। শুধু মৌখিক আশ্বাসে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গতকাল রবিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, সরকার প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার অশুভ প্রচেষ্টা চালাচ্ছে। যার ফলে দেশ এক চরম সংঘাতময় অবস্থায় পতিত হয়েছে। এই অবস্থায় সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এই হয়রানি ও নির্যাতন বন্ধ করা না হলে দেশে গণবিপ্লব দেখা দিবে এবং সরকারের পতন অনিবার্য হবে। খন্দকার মাহবুব বলেন, প্রধানমন্ত্রী সংসদে তার সমাপনী ভাষণে বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার চালাতে তিনি রাষ্ট্রপতির অনুমতি পেয়েছেন;’ কিন্তু আওয়ামী লীগ সরকার সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী এনেছে তাতে ‘নির্বাচনকালীন সরকারের কোনো বিধান নেই’। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ জনগণকে বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক চমক বলে আমরা মনে করি।