জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকরা এ রায় লিখেছেন।
মুক্তিযুদ্ধকালে ঢাকার মিরপুরের হযরত আলী লস্কর নামে এক ব্যক্তিকে সপরিবারে হত্যা ও তার শিশু কন্যাকে (১১) ধর্ষণের দায়ে গত ১৭ সেপ্টেম্বর আব্দুল কাদের মোল্লার ফাঁসির হুকুম দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় ঘোষণা করে। একজন বিচারপতি মৃত্যুদণ্ড দেয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তবে কাদের মোল্লাকে ওই অভিযোগে দোষী সাব্যস্ত করার বিষয়ে ৫ জনই একমত পোষণ করেন। রায় লেখা প্রসঙ্গে অতিরিক্ত এটর্নি জেনারেল এডভোকেট এমকে রহমান ‘ইত্তেফাক’কে বলেন, কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় লেখা সম্পন্ন হয়েছে, আশাকরি দুই-একদিনের মধ্যে প্রকাশিত হবে। অপরদিকে কাদের মোল্লার আইনজীবী এডভোকেট এম তাজুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই আমরা রিভিউ পিটিশন দাখিল করব। প্রসঙ্গত গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও তাকে কেন মৃত্যুদণ্ড দেয়া হয়নি এমন দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ। এরপর গত ১৮ ফেব্রুয়ারি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে ট্রাইব্যুনালের যে কোন রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দেয়া হয়। একইসঙ্গে আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির কথা ওই সংশোধনীতে উল্লেখ করা হয়।
