সংসদ ভেঙ্গে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৩০
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দেয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে প্রধানমন্ত্রীকে কেন অনুরূপ নির্দেশনা দেয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না দিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতিও নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার ক্ষেত্রে জাতীয় সংসদের বিবেচনা অনুসারে যুক্তিসঙ্গতকাল পূর্বে যথা ৪২ দিন পূর্বে, সংসদ ভেঙ্গে দেওয়া বাঞ্ছনীয় হবে। তবে নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পূর্ববর্তী মন্ত্রিসভা সংক্ষিপ্ত আকার গ্রহণ করত উক্ত সময়ের জন্য রাষ্ট্রের স্বাভাবিক ও সাধারণ কার্যক্রম পরিচালনা করিবেন।’ রায়ের এই পর্যবেক্ষণ নির্দেশনামূলক। ওই রায়ের আলোকে আদালত প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।