জামায়াত শিবিরের ২ নেতা রিমাণ্ডে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২২:৩১
রাজধানীর বাড্ডা এলাকায় গত শনিবার জামায়াত-শিবিরের ব্যাপক ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- জামায়াতের বাড্ডা-ভাটারা ইউনিটের কোষাধ্যক্ষ অলি মিয়া ও শিবিরের মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলাম। গতকাল রবিবার তাদের এক দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। এদিকে পুলিশের কাজে বাধা দান ও হত্যার উদ্দেশে ককটেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় বাড্ডা থানায় শনিবার রাতেই একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন ইত্তেফাককে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই শনিবার এই তাণ্ডব চালিয়েছে। তাদের অনেককেই চিনে ফেলেছেন স্থানীয় লোকজন। এছাড়া কিছু ভিডিও ফুটেজ দেখে অন্যদের সনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, এজাহারে যে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকেই স্থানীয় লোকজন চেনে। এরা সবাই স্থানীয় জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। খুব শিগগিরই এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদি ইকবাল হোসেন। প্রসঙ্গত, গত শনিবার সকালে জামায়াত পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মিছিল বের করে মেরুল বাড্ডা কাঁচাবাজারের সামনে গিয়ে গণহারে গাড়ি ভাঙচুর শুরু করে। এর মধ্যে গার্মেন্টসের বিদেশি ক্রেতাদের গাড়িও রয়েছে। প্রাণভয়ে বিদেশিরা গাড়ি ফেলে পালিয়ে যান।