বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন সরকারি বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সরকারকে প্রস্তাব দিবে। পাশাপাশি স্থায়ী পে কমিশনের রূপরেখা চূড়ান্ত করবে। কমিশনে তিনজন পূর্ণকালীন সদস্য, ১২ জন খণ্ডকালীন সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানা গেছে, পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস, প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো যাবে। বেতন বৈষম্যের বিষয়ে সুপারিশ-সংবলিত প্রতিবেদন তৈরি করবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন। এছাড়া এই কমিশনের সুপারিশের আলোকে ছয় মাস পর স্থায়ী পে কমিশন গঠন করা হবে। স্থায়ী পে কমিশনের কাজ হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করা।
এদিকে গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেয়ার সময় একটি স্থায়ী পে কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। মহার্ঘ ভাতা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
